ইজিবাইকচালকদের বিরুদ্ধে বাস-মিনিবাস শ্রমিকদের ওপর হামলা, মারধর ও বাস আটকে রাখার অভিযোগে চুয়াডাঙ্গা থেকে সব রুটে বাস ও মিনিবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। হঠাৎ এই পরিবহন ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

আজ শনিবার (২৯ আগস্ট) থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটের সব বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগে শুক্রবার ( সন্ধ্যায় চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে এই ধর্মঘটের ঘোষণা দেন।

জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় এলাকায় নিয়মবহির্ভূতভাবে শহরে প্রবেশের চেষ্টা করা একটি ইজিবাইককে পুলিশ ও বাস শ্রমিকরা বাধা দেন। এর জেরে ইজিবাইকচালক ও তার সহযোগীরা আলোকদিয়া এলাকায় মহাসড়কে একটি বাস আটকে চালক ও সুপারভাইজারকে লাঞ্ছিত এবং জিম্মি করেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এর প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করলেও প্রশাসনের আশ্বাসে তা প্রত্যাহার করা হয়। তবে শ্রমিকদের ক্ষোভ ও অসন্তোষ না কমায় এবং নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বাস চলাচল বন্ধের এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।

হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বিভিন্ন গন্তব্যের যাত্রীরা বিপাকে পড়েছেন। টার্মিনালে এসে অনেককে বাস না পেয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। কেউ কেউ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করছেন।

মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক হবে না। এদিকে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাস টার্মিনাল ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।