পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ও সকল সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সৌদি প্রবাসী ও রেমিট্যান্সযোদ্ধা মো. সাদ্দাম হাওলাদার।
তিনি আগৈলঝাড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি এবং ৪ নম্বর মডেল গৈলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী ছিলেন।
গত ৩১ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে কাবা শরিফের সামনে দাঁড়ানো একটি ভিডিও ও দীর্ঘ স্ট্যাটাস পোস্ট করে তিনি এই ঘোষণা দেন। পোস্টে সাদ্দাম জানান, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান প্রেক্ষাপটে প্রবাসে থেকে তার পক্ষে রাজনীতি চালিয়ে যাওয়া সম্ভব নয়। দলের শীর্ষ নেতাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো ক্ষোভ বা অভিযোগ থেকে নয়, বরং সম্পূর্ণ স্বেচ্ছায় ও সচেতনভাবে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে সরে যাচ্ছেন এবং রাজনীতির বাইরে থেকে মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চান।
এদিকে ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানাজানি হলেও তিনি কোনো লিখিত পদত্যাগপত্র দেননি বলে জানিয়েছেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না। তার এই ঘোষণার পেছনে কোনো অভ্যন্তরীণ বিরোধ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!