রাজধানীর দক্ষিণখান এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে মারধর ও হত্যার উদ্দেশ্যে গুলি করার মামলায় চার শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা আহমেদ বেগ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
পুলিশ জানায়, আজমপুর এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবককে মারধর ও হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনা ঘটে। এই ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে দক্ষিণখান থানা পুলিশ ময়মনসিংহের ভালুকা ও জামালপুরের ইসলামপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে সাজু মজুমদার, অন্তর রহমান অনু ও পারভেজকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ আজমপুরের একটি বাসায় অভিযান চালিয়ে বাবু সেন্টুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ঘর থেকে বালিশের নিচে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!