বিপ্লব-পরবর্তী বাংলাদেশে প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ চলছে এবং পুরোনো সংস্কৃতি ফিরিয়ে আনা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি স্পষ্ট করেন যে, প্রশাসনে দলীয়করণ অব্যাহত রেখে কখনোই ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, জুলাই আন্দোলনের ‘উই ওয়ান্ট জাস্টিস’ বা ন্যায়বিচারের মূল তাৎপর্য হলো সমাজের সব স্তরের বৈষম্য দূর করে কোটা প্রথার মতো বৈষম্যমূলক ব্যবস্থা থেকে বেরিয়ে এসে সমান সুযোগ নিশ্চিত করা। নাগরিকদের প্রাপ্য অধিকার ও সমান সুযোগ না দিতে পারলে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে। সমাজ থেকে অন্যায়, অনাচার, সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সীরাত ও আদর্শ অনুসরণের বিকল্প নেই বলে জানান তিনি।
কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসায় ন্যাশনাল ডক্টরস ফোরামের ঝুঁকি নিয়ে মানবিক ভূমিকা পালন চিরস্মরণীয়। তিনি রাসূল (সা.)-এর আদর্শে সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, মানুষের তৈরি আইনে শান্তি আসেনি, ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই স্থায়ী শান্তি আসতে পারে।
ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. মো. নুর উদ্দিন তালুকদারের সঞ্চালনায় কনফারেন্সে আরও বক্তব্য দেন ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এবং ড. মাহমুদুল হাসান প্রমুখ। দ্বিতীয় পর্বে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইসলামী ভাবধারার পরিবেশনার মধ্য দিয়ে কনফারেন্স সমাপ্ত হয়। অনুষ্ঠানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!