নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় চেচিয়া নদীতে দুই দিনব্যাপী ঐতিহাসিক নৌকাবাইচ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে জমজমাট ফাইনাল রাউন্ডের মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী উৎসবের সমাপ্তি ঘটে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে 'কান্দিপাড়া এক্সপ্রেস', দ্বিতীয় স্থান অধিকার করেছে 'উত্তরপাড়া এক্সপ্রেস' এবং তৃতীয় স্থান অর্জন করেছে 'সোনার মদিনা এক্সপ্রেস'

এর আগে মঙ্গলবার খাকড়াদহ যুব সমাজের আয়োজনে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে অংশ নেয় ১৪টি বাইচ নৌকা, যা ৭টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রথম দিনের প্রতিযোগিতা শেষে ৭টি নৌকা ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়। ঢাক-ঢোল ও বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখরিত হয়ে ওঠে নদীর দুই তীর। ঐতিহ্যবাহী এই গ্রামীণ খেলা উপভোগ করতে নদীর দুপাশে শিশু, নারী ও পুরুষসহ হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অধিকারীকে একটি ফ্রিজ, দ্বিতীয় স্থান অধিকারীকে একটি বড় এলইডি টিভি এবং তৃতীয় স্থান অধিকারীকে একটি ছোট এলইডি টিভি পুরস্কার দেওয়া হয়।