জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পৃথক কোনো বৈঠক হচ্ছে কি না—সে বিষয়ে কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ম্যানহাটনের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, বর্তমান সফরটি মূলত জাতিসংঘের বহুপক্ষীয় সম্মেলনের উদ্দেশ্যে, তাই এটি কোনো দ্বিপক্ষীয় সফর নয়। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বাংলাদেশকে দেওয়া এক চিঠিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করলেও, জাতিসংঘের এই সম্মেলনের মূল কর্মসূচির বাইরে আলাদা করে দ্বিপক্ষীয় আলোচনার সুযোগ তেমন নেই। এই সফরে অভ্যন্তরীণ রাজনীতির চেয়ে বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি এবং গণতান্ত্রিক উত্তরণের পর 'নতুন বাংলাদেশ'-এর নীতি ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরাই মূল লক্ষ্য হবে।

একই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন জানান, এবার প্রথা ভেঙে অত্যন্ত সংক্ষিপ্ত বহর নিয়ে সফর করছেন প্রধানমন্ত্রী। সরকারিভাবে ৩৩ জনের সংক্ষিপ্ত বহরের পাশাপাশি কেবল অত্যাবশ্যকীয় মিডিয়া, নিরাপত্তা ও ব্যক্তিগত স্টাফরা সঙ্গে এসেছেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থ, জনগণের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন তুলে ধরাই এই সফরের মূল অগ্রাধিকার।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।