গ্রাহকদের শেয়ার কেনার জমা করা সাড়ে ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফার্স্টলিড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ১০ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির মতিঝিল শাখাসহ বিভিন্ন শাখার গ্রাহকদের জমা রাখা ১৯ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ৪৮০ টাকা যথাযথভাবে শেয়ার কেনায় ব্যবহার করা হয়নি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা উপেক্ষা করে ও গ্রাহকদের অনুমোদন ছাড়া তাঁদের পোর্টফোলিওর অর্থ স্থানান্তর করে আত্মসাৎ করা হয়েছে।

অনিয়ম ও অর্থ স্থানান্তরের কাজে জাল স্বাক্ষর, নকল দলিল এবং হিসাব নথিপত্রে মিথ্যা তথ্য ব্যবহারের প্রমাণ মিলেছে। গত ৩০ জুনের শেয়ারমূল্য হিসাব করে এই আত্মসাৎকৃত অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের গত ১৭ জুলাইয়ের তদন্তেও এসব অনিয়মের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

মামলায় অভিযুক্ত আসামিরা হলেন— ফার্স্টলিড সিকিউরিটিজের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর চৌধুরী, নির্বাহী পরিচালক মুহিবুল বারী রহমান, পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ, উপমহাব্যবস্থাপক এহতেশামুল হক, পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মনসুরুজ্জামান, রুমেল মোহাম্মদ সাইফুল রহমান পীর, আবু মুহাম্মদ আনোয়ারুল আম্বিয়ক চৌধুরী, আব্দুর রাকিব শিকদার এবং পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান।