নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে রাতের আঁধারে সাদা পিকআপভ্যানে করে পৃথক দুটি স্থান থেকে ছয়টি গরু চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য সাড়ে ৭ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত খামারিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ি এলাকার বিষে প্রামাণিকের ছেলে ইসমাইল হোসেনের গোয়ালঘর থেকে দুটি গাভী ও দুটি বাছুর চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

এর পাশাপাশি, একই ইউনিয়নের গোপীনাথপুর জোলারকান্দি এলাকা থেকে আব্দুল আজিজের আরও দুটি গাভী গরু চুরি হয়েছে। ওই গরু দুটির আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

ক্ষতিগ্রস্ত খামারি আব্দুল আজিজ আকুতি জানিয়ে বলেন, "আমি প্রতিদিন রাতে গরুর গোয়ালের পাশেই ঘুমাই। গত রাতে আনুমানিক ১টার দিকে নিজ ঘরে গিয়েছি এবং রাত সাড়ে ৩টার দিকে ফিরে এসে দেখি গোয়ালে কোনো গরু নেই। এই দুটি গাভির দুধ বিক্রি করেই আমার সংসার চলে। এখন আমি কীভাবে চলব? প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমার গরুগুলো উদ্ধার করে দিন এবং চোর চক্রকে ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন।"

ক্ষতিগ্রস্তদের প্রাথমিক ধারণা, রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে একটি সাদা রঙের পিকআপভ্যানে করে অত্যন্ত সুকৌশলে গরুগুলো ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়।

এ ধরনের আকস্মিক ও বড় চুরির ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। অবিলম্বে এই সংঘবদ্ধ চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।