দীর্ঘ ২৬ বছর ধরে ক্লাসরুমে পাঠদান করে গেলেও বেতনের মুখ দেখেননি পঞ্চগড় সদর উপজেলার শিংরোড রতনীবাড়ী ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক-কর্মচারীরা। বিনা বেতনে শিক্ষকতা করতে করতেই মারা গেছেন একজন শিক্ষক, আর বেতন না পেয়েই অবসরে গেছেন আরেকজন।
২০০০ সালে নতুন করে কার্যক্রম শুরু হওয়া মাদরাসাটি ২০০২ সালে পাঠদানের অনুমতি, ২০০৪ সালে দাখিল পরীক্ষা এবং ২০০৯ সালে একাডেমিক স্বীকৃতি পায়। কিন্তু এতদিনেও প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় বর্তমানে কর্মরত ১১ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী চরম মানবেতর জীবনযাপন করছেন। বেতনের আশা ছেড়ে ইতোমধ্যে ৩ জন শিক্ষক চাকরি ছেড়ে অন্য কাজে যোগ দিয়েছেন। ২০০১ সালে যোগ দিয়ে ১৪ বছর বিনা বেতনে সেবা দিয়ে ২০১৫ সালে অবসরে যান ক্বারি শিক্ষক মজিবুর রহমান। ২০১৯ সালে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্বে থাকা অবস্থায় না-খেয়ে থেকেই মারা যান আরেক শিক্ষক।
৩৮০ জন শিক্ষার্থী ও ১ একর ৬৬ শতক জমিতে প্রতিষ্ঠিত এই মাদরাসাটির পাসের হারও সন্তোষজনক। ২০২৬ সালের দাখিল পরীক্ষায় ১৪ জনের মধ্যে ৯ জন পাস করেছে। তবে সংসারের অভাব-অনটন, সন্তানের লেখাপড়ার খরচ চালানো এবং সামাজিকভাবে হেয় হওয়ার কষ্টে দিন কাটছে শিক্ষকদের। এমপিওভুক্তির মাধ্যমে বেতনহীনতার দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটাতে প্রধানমন্ত্রী ও শিক্ষা প্রশাসনের দৃষ্টি আকাক্সক্ষা করছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীরা।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!