চলমান বিশ্বকাপে সৌদি আরব ও উরুগুয়ের মধ্যকার ম্যাচের আগে এক ব্যতিক্রমী ও সম্মানজনক দৃশ্য বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে। প্রথা অনুযায়ী ম্যাচের শুরুতে মাঠের ওপর বড় আকৃতির জাতীয় পতাকা অনুভূমিকভাবে (মাটির সমান্তরালে) প্রদর্শন করা হলেও, সৌদি আরবের পতাকাটি মাটিতে না রেখে বেশ উঁচুতে ধরে রাখা হয়। অনুষ্ঠানিক ভারসাম্য বা সামঞ্জস্য বজায় রাখতে উরুগুয়ের পতাকাটিও একইভাবে উঁচুতে ধরে রাখেন মাঠের কর্মীরা।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দেশের মধ্যে সৌদি আরবের পতাকাই একমাত্র জাতীয় পতাকা, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় অতি সংবেদনশীল মর্যাদার কারণে কোনোভাবেই মাটিতে স্পর্শ করতে দেওয়া হয় না।
সৌদি আরবের জাতীয় পতাকার সবুজ রঙের মাঝে সাদা অক্ষরে ইসলাম ধর্মের পবিত্র কালেমা বা শাহাদাহ— "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" (আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ আল্লাহর রাসুল) উৎকীর্ণ রয়েছে এবং এর নিচে একটি তরবারি রয়েছে।
পবিত্র এই ধর্মীয় বাণীর সম্মানেই সৌদি আরবের পতাকার ব্যবহারে রয়েছে অত্যন্ত কঠোর আইন: দেশটির আইন অনুযায়ী, পতাকাকে এমনভাবে নামানো, ওড়ানো বা প্রদর্শন করা যাবে না যাতে তা মাটি, পানি বা অন্য কোনো নোংরা পৃষ্ঠ স্পর্শ করে। সাধারণত কোনো রাষ্ট্রীয় শোকে পতাকা অর্ধনমিত রাখার নিয়ম থাকলেও, কালেমা খচিত থাকায় সৌদি আরবের পতাকা কখনো অর্ধনমিত করা হয় না। বিবর্ণ, ক্ষতিগ্রস্ত বা অযত্নে থাকা পতাকা প্রদর্শন দেশটিতে সম্পূর্ণ নিষিদ্ধ। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লে সম্মান অক্ষুণ্ন রেখে তা বিশেষ প্রক্রিয়ায় ধ্বংস করার জন্য নির্দিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষ দায়িত্ব পালন করে থাকে।
এদিকে মাঠের লড়াইয়ে গ্রুপ ‘এইচ’-এর এই হাইভোল্টেজ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হয়ে ১-১ গোলে ড্র করেছে সৌদি আরব।
ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে দুর্দান্ত এক গোল করে সৌদি আরবকে লিড এনে দেন আব্দুল্লাহ আল-আমরি। তবে ম্যাচের শেষ মুহূর্তে এসে নাটকীয়ভাবে উরুগুয়ের ম্যাক্সি আরাউজো গোল করে সমতা ফেরালে নিশ্চিত জয় হাতছাড়া হয় সৌদি আরবের। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!