বিশ্বকাপের মুকুট ধরে রাখার মিশন শুরু করতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটিতে নিজেদের উদ্বোধনী ম্যাচে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হবে আলজেরিয়া। দীর্ঘ ১২ বছর পর বিশ্বমঞ্চে ফেরা আলজেরিয়ার বিপক্ষে আলবিসেলেস্তেরা পরিষ্কার ফেভারিট হলেও ম্যাচটি নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে রোমাঞ্চের কমতি নেই। বিশেষ করে, আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির জন্য এই ম্যাচটি এক ঐতিহাসিক মাইলফলকের রাত।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আলজেরিয়ার বসনিয়ান কোচ ভ্লাদিমির পেটকোভিচ তাঁর রণপরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন। নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে নিয়ে পড়ে থাকার চেয়ে পুরো দলগত পারফরম্যান্সে বিশ্বাসী এই কোচ।
আর্জেন্টিনা শক্তির বিচারে অনেক এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে ছেড়ে কথা বলবে না আলজেরিয়া। ম্যাচে নিজেদের পরিকল্পনা ও রণকৌশল নিয়ে পেটকোভিচ বলেন, "আমাদের একটি সুনির্দিষ্ট ‘প্ল্যান এ’ আছে এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী রিয়্যাক্ট করার জন্য ‘প্ল্যান বি’-ও তৈরি রাখা হয়েছে। আমরা জানি আমরা ফেভারিট নই, তবে এই বিশ্বকাপেই আমরা অনেক বড় অঘটন ঘটতে দেখেছি। আমরাও তেমন একটা চমক দিতে চাই।"
তবে এই হাইভোল্টেজ ম্যাচের আগে আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে আলাদা কোনো বাড়তি চাপ নিতে নারাজ আলজেরিয়া। দলটির কোচ ভ্লাদিমির পেটকোভিচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে ম্যান-মার্কিং বা আটকানোর জন্য আলাদা কোনো বিশেষ ট্যাকটিক্যাল পরিকল্পনা তিনি করছেন না।

সংবাদ সম্মেলনে পেটকোভিচ বলেন: "আমি প্রতিটি খেলোয়াড় এবং প্রতিপক্ষকে সম্মান করি, তবে আমাদের নিজেদের শক্তির ওপরও আমার শতভাগ ভরসা আছে। আমি কখনোই কোনো নির্দিষ্ট একজন খেলোয়াড়কে আটকানোর জন্য আলাদা ছক কষি না, আর আগামীকালও তা করব না। একজন ব্যক্তির জন্য পুরো দলকে প্রস্তুত করা একেবারেই অর্থহীন।"

মেসিকে বোতলবন্দি করার চেয়ে আর্জেন্টিনার আক্রমণভাগকে নিষ্ক্রিয় করার পরিকল্পনা জানিয়ে আলজেরিয়া বস আরও বলেন, "আমাদের মূল লক্ষ্য থাকবে মেসির আশেপাশে থাকা অন্য খেলোয়াড়দের পাসিং লাইন বা বল সাপ্লাই কেটে দেওয়া, যাতে বিশ্বমানের এই খেলোয়াড়েরা মাঠে নিজেদের মেলে ধরার সুযোগ না পায়।"

১২ বছর পর বিশ্বকাপে ফেরা আলজেরিয়া কি পারবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও মেসি বাহিনীকে রুখে দিয়ে বিশ্বকাপের প্রথম বড় অঘটনটি ঘটাতে? উত্তর মিলবে কানসাস সিটির সবুজ মাঠেই।