টাঙ্গাইলের মধুপুরে কফি হাউজের নামে গড়ে ওঠা আড্ডাখানায় মাদক কারবার, অসামাজিক কার্যকলাপ এবং মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ ও ওজনে কম দেওয়ার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে প্রশাসন।
বুধবার (১৭ জুন) দুপুরে মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে মাদক কারবারে জড়িত থাকার অপরাধে একজনকে ৩ মাসের কারাদণ্ডসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মধুপুরের বিভিন্ন উপশহরে অধিক লাভের আশায় কফি হাউজের নামে বেশ কিছু রেস্টুরেন্ট গড়ে উঠেছে। যেখানে পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর কথা থাকলেও, মূলত আড্ডার নামে চলছে মাদক কারবারসহ নানা অসামাজিক কার্যকলাপ। এর ফলে স্কুল-কলেজ পড়ুয়া তরুণ ও যুবসমাজ অপসংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে এবং গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মরণ নেশায় জড়িয়ে পড়ছে। স্থানীয় অভিভাবক ও বাসিন্দারা এই বিষয়ে অতিষ্ঠ হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে উপজেলার বিপ্রবাড়ি এলাকার ‘চাঁদের হাসি’ নামক রেস্টুরেন্টে মধুপুর থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারের সাথে জড়িত থাকায় মো. রাকিব (১৮) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ‘চাঁদের হাসি’ রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অপরদিকে, মধুপুর বাসস্ট্যান্ড এলাকার দুটি নামী মিষ্টির দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে নোংরা পরিবেশে মিষ্টি রাখা এবং খাবারে মশা-মাছি পড়ে থাকায় ‘কানন’ মিষ্টির দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্রেতাদের ওজনে কম দেওয়ার (কারচুপি) সুনির্দিষ্ট অভিযোগে ‘ধনবাড়ি’ মিষ্টি ঘরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা গেছে, মধুপুরের ‘চাঁদের হাসি’ সহ আরও কয়েকটি রেস্টুরেন্টে স্কুল চলাকালীন সময়ে বিভিন্ন ছাত্র-ছাত্রী স্কুল ড্রেস পরিহিত অবস্থায় ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেয় এবং দৃষ্টিকটুভাবে বসে থাকে। অভিযানের সময় এমন চিত্র দেখতে পেয়ে ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের অভিভাবকদের বিষয়টি অবহিত করে সতর্ক করেন।
মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, "দুটি মিষ্টির দোকানে ৫০ হাজার করে ১ লাখ এবং একটি কফি হাউজে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মাদক কারবারের দায়ে একজনকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।"
মধুপুরের সামাজিক পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!