রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) গুলশান-২ এলাকার পৃথক দুটি স্পা সেন্টারে এই ঝটিকা অভিযান পরিচালনা করে গুলশান থানা পুলিশ।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে পুরুষ ও নারী উভয়ই রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন— মোর্শেদ আলম (৩৩), কায়কোবাদ সরকার (২৫), রমজান ভুইয়া (৪৫), মেহেদী হাসান (২৭), তারভীর আলম (২২), মাহফুজ কামাল স্বাধীন (৩২), মনিরুল ইসলাম মুন্না (২৬), মো. হাসান (৩৭), বাবুল হোসেন (৩৮), মো. মোস্তফা (৬০), পরিতোষ শীল (৩৭), মো. শোহান (২৫), রফিকুল ইসলাম রানা (৩৭), জহিরুল ইসলাম (৩৬), মো. আরিফুল ইসলাম (৪৩), খাদিজা ইসলাম শান্তা (২৫), ফাহিমা সুলতানা (২৫), রত্না আক্তার (২৩), মাহিমা আক্তার (২৪), ফারজানা আমিন (২৬), রোকসানা আক্তার (৩২), মায়া আক্তার (২৪), ফারিয়া ইসলাম (২৪), ইসরাত জাহান জয়া (২২), রুবিনা আক্তার (১৯), তাহিয়া ইসলাম (২৩), ময়না (২১) ও মাহমুদা আক্তার (৪২)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র রাজধানীর এই অভিজাত এলাকায় স্পা সেন্টার খোলার নামে ভিন্ন ব্যবসা ফেঁদে বসেছিল। নামেমাত্র স্বাস্থ্যসেবা ও সৌন্দর্যচর্চার (বিউটি কেয়ার) সাইনবোর্ড ঝুলিয়ে মূলত এর ভেতরে অসামাজিক কর্মকাণ্ড ও দেহব্যবসার মতো অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের পক্ষ থেকেও এ বিষয়ে দীর্ঘদিন ধরে থানায় বিভিন্ন তথ্য ও অভিযোগ জমা পড়ছিল।

"সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুটি স্পা সেন্টারে একযোগে অভিযান চালানো হয়। সেখান থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকা ও পরিচালনার দায়ে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ বা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অপরাধ চক্রের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।"

গুলশান থানা সূত্রে জানা গেছে, এই চক্রের মূল হোতা এবং স্পা সেন্টারের মালিকদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। এই ব্যবসার আড়ালে অন্য কোনো অপরাধমূলক সিন্ডিকেট জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।