বরিশাল নগরীর পুলিশ লাইন্স এলাকার ওয়াইডব্লিউসি গলিতে নির্মাণাধীন ড্রেনের পাশের দেয়াল ধসে জোবায়ের (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, দুপুরে কাজ করার সময় হঠাৎ ড্রেনের পাশের একটি দেয়াল ধসে পড়ে। এ সময় ড্রেনে কাজ করা তিন শ্রমিকের মধ্যে দুজন দ্রুত সরে যেতে পারলেও জোবায়ের হোঁচট খেয়ে ভেতরে পড়ে যান। ধসে পড়া দেয়ালের একটি অংশ তার পিঠের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, নির্মাণকাজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, ঝুঁকিপূর্ণ দেওয়াল সম্পর্কে সাবধানতা অবলম্বন ও শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।
ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, প্রায় সাড়ে তিন ফুট গভীর করে ড্রেন খনন করা হয়েছিল এবং দেওয়ালটি ধসে পড়ার মতো ঝুঁকিপূর্ণ মনে হয়নি। তবে কী কারণে হঠাৎ এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!