মধুমাস জ্যৈষ্ঠ পেরিয়ে আষাঢ়ের মাঝামাঝি সময়েও রাজধানীর বাজারে হরেক রকমের মৌসুমি ফলের সমারোহ রয়েছে। বর্তমানে বাজারে আম, কাঁঠাল ও লটকনের দাম ক্রেতাদের নাগালের মধ্যে থাকলেও, মৌসুম শেষ হয়ে আসায় জাম ও লিচুর দাম বেশ চড়া।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে এখন ফজলি, হাঁড়িভাঙা, আম্রপালি ও হিমসাগরসহ বিভিন্ন জাতের আম পাওয়া যাচ্ছে। মানভেদে আম্রপালি প্রতি কেজি ১০০ টাকা (পাঁচ কেজি ৫০০ টাকা) এবং হাঁড়িভাঙা আম প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লটকনের প্রচুর সরবরাহ থাকায় মানভেদে প্রতি কেজি ১৪০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতি পিস কাঁঠাল ১০০ থেকে ৫০০ টাকা, বেল প্রতি পিস ১০০ থেকে ১৫০ টাকা এবং জাম্বুরা প্রতি পিস ৮০ থেকে ১০০ টাকায় পাওয়া যাচ্ছে।
মৌসুম শেষ হওয়ার পথে হওয়ায় লিচু ও জামের দাম অনেক বেশি। প্রতি ১০০টি চায়না লিচু ৯০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে অনেক বিক্রেতা শেষ মওসুমের স্টক খালি করার জন্য কিছুটা কমেও তা ছেড়ে দিচ্ছেন। এছাড়া জাম প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকার মতো চড়া দামে বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা ক্রেতা সামাদ মিয়া জানান, আম্রপালি ও হাঁড়িভাঙা আম হাতের নাগালে থাকায় তিনি সন্তুষ্ট। তবে মৌসুম শেষ হওয়ার সাথে সাথে ফলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
কারওয়ান বাজারের ফল ব্যবসায়ী মো. মফিজুল ইসলাম বলেন, “জামের সিজন প্রায় শেষ, তাই দাম বাড়তি। একইভাবে লিচু ও অন্যান্য মৌসুমি ফলের সরবরাহ কমে আসায় সামনে দাম আরও কিছুটা বাড়তে পারে।”

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!