কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তে দীর্ঘ ১৫ দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছেন তিন যুবক। গত ১৪ জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

বর্তমানে ওই তিন যুবক খোলা আকাশের নিচে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। পতাকা বৈঠক ও আলোচনার মাধ্যমে কোনো সমাধান না হওয়ায় বিএসএফ তাদের আর গ্রহণ করছে না, অন্যদিকে প্রয়োজনীয় নথিপত্র বা যাচাইয়ের অভাবে বিজিবি তাদের মূল ভূখণ্ডে প্রবেশ করতে দিচ্ছে না। ফলে টানা ১৫ দিন ধরে তারা সীমান্তের শূন্যরেখার কাছাকাছি আটকা পড়ে আছেন।

জামালপুর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানিয়েছেন, বিষয়টি নিয়ে বিজিবি কঠোর নজরদারি বজায় রেখেছে এবং সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে।