প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের (২০১৮–১৯ থেকে ২০২১–২২) অনাদায়ী আয়কর বাবদ ২৯ কোটি ১৫ লাখ টাকা সরকারকে এককালীন পরিশোধ করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। চলতি অর্থবছরের জুনে এই বকেয়া পরিশোধের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের অতীতের আয়কর দায়ের সম্পূর্ণ নিষ্পত্তি করল।

রোববার (২৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিএসসিএল। প্রতিষ্ঠানটি জানায়, নতুন ব্যবস্থাপনা দায়িত্ব গ্রহণের পর আর্থিক ব্যবস্থাপনা পর্যালোচনার মাধ্যমে দীর্ঘদিনের অনিষ্পন্ন এই বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য শুধু আর্থিক সাফল্য অর্জন নয়, বরং বিএসসিএল-কে একটি জবাবদিহিমূলক, টেকসই ও সুশাসনভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।”

তিনি আরও জানান, অতীতের আর্থিক দায় নিষ্পত্তির এই উদ্যোগ প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তিকে আরও সুসংহত করবে।

রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি ২০২৪–২৫ অর্থবছরে প্রথমবারের মতো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, উক্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির মোট আয় ছিল ২৪৫ কোটি ১৩ লাখ টাকা এবং ব্যয় ২০৬ কোটি ৭৭ লাখ টাকা। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৮ কোটি ৩৫ লাখ টাকা।