রাজধানীর দক্ষিণখানে মাদক সেবনে বাধা দেওয়ায় একটি নির্মাণাধীন ভবনের কেয়ারটেকারকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে মাদকসেবীরা। আশঙ্কাজনক অবস্থায় মো. রাসেল (৩৩) নামে ওই কেয়ারটেকার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত শনিবার (৬ জুন) বিকেল সোয়া ৩টার দিকে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
আহত রাসেল হবিগঞ্জের মো. আলাউদ্দিনের ছেলে। তিনি দক্ষিণখানের ফায়দাবাদের ওই নির্মাণাধীন ভবনেই কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকা ও এর আশপাশের কিছু বখাটে এবং কিশোর গ্যাংয়ের মাদকসেবীরা ওই ভবনটিতে মাদক সেবনের উদ্দেশ্যে প্রবেশ করতে চেয়েছিল। তখন কেয়ারটেকার রাসেল তাদের ভেতরে ঢুকতে বাধা দেন। এতে চরম ক্ষিপ্ত হয়ে বখাটে ও কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের সঙ্গে থাকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রাসেলকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।
এ সময় রাসেলের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বখাটেদের নৃশংস কোপে রাসেলের মাথা ও দুই পায়ে গুরুতর জখম হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাঁটুর মাংস কেটে হাড় প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রাসেলকে প্রথমে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা এখনো আশঙ্কাজনক।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন,
"খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা হয়েছে, তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।"
হামলাকারীদের পরিচয় ও ঘটনার মূল কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি আরও বলেন, বিষয়টি নিয়ে পুলিশ জোর তদন্ত চালাচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!