টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলায় আগামী ১১ জুলাই (শনিবার) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক এলাকায় অনলাইনে দ্রুত তথ্য পৌঁছানো সম্ভব নাও হতে পারে—এমন আশঙ্কা থেকে বোর্ড কর্তৃপক্ষ প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, স্থগিতাদেশের বিষয়টি মাইকিংয়ের মাধ্যমে স্থানীয়ভাবে প্রচার করতে হবে। যাতে কোনো পরীক্ষার্থী বা অভিভাবক অজ্ঞাতসারে পরীক্ষার দিন কেন্দ্রে উপস্থিত হয়ে বিড়ম্বনার শিকার না হন।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), বিষয় কোড-২৭৫। চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার সব পরীক্ষাকেন্দ্র। স্থগিত হওয়া এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৮ জুলাইও একই কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সাম্প্রতিক ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ব্যাপক প্রাণহানি এবং যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এবং বিভিন্ন স্থানে সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!