চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও বড় অঙ্কের টাকা লুটপাটের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. ইউনুস (৪১), ইমরান হোসেন চ্যাং (৩১), আকবর হোসেন (২৪), মো. সুমন (২৭), মো. মনির ওরফে কেহেরমান (৩৮), মো. গিয়াস উদ্দিন (২১), মো. নয়ন (২০) এবং মোহাম্মদ আবদুল নাহিদ ওরফে ফরহাদ (২৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অনেকের বিরুদ্ধেই চাঁদাবাজি, অস্ত্র, মাদক, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। বিশেষ করে মো. ইউনুসের বিরুদ্ধে ৫টি, ইমরান হোসেন চ্যাংয়ের বিরুদ্ধে ১২টি, আকবরের বিরুদ্ধে ৬টি, সুমনের বিরুদ্ধে ৬টি, মনিরের বিরুদ্ধে ৭টি এবং নয়নের বিরুদ্ধে ৮টি মামলা বিচারাধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জুলাই ‘ডেভিড ইমন’ পরিচয়ে হোয়াটসঅ্যাপে কল করে ডিডিএনের স্বত্বাধিকারীর কাছে এককালীন ২ কোটি টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রতিষ্ঠানটির মালিককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
চাঁদা না পেয়ে গত ১৩ জুলাই দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে চকবাজার থানার মনুমিয়াজী লেইনের ‘মরিয়ম হাইটস’ ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডিডিএনের কার্যালয়ে ৩০-৪০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে অফিসের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, আসবাবপত্র ও কাঁচের দরজা ভাঙচুর করে। এতে প্রতিষ্ঠানের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।
পাশাপাশি হামলাকারীরা অফিসের ড্রয়ার থেকে ৪৭ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন, একটি ক্যানন প্রিন্টার এবং প্রতিষ্ঠানের পরিচালক অরিফুল ইসলামের ব্যাগ নিয়ে যায়। ওই ব্যাগে কর্মচারীদের বেতন পরিশোধের জন্য রাখা প্রায় ৩৫ লাখ টাকা ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত ১৩ জুলাই চকবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশি অভিযানে জড়িতদের শনাক্ত করার পর আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!