পাবনা শহরে সোমবার (৮ জুন) বিকেল ও সন্ধ্যার মধ্যে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রকাশ্যে ছুরিকাঘাত ও গুলিতে দুই ব্যক্তি নিহত হওয়ায় শহরজুড়ে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
প্রথম ঘটনাটি ঘটে বিকেলে শহরের টার্মিনাল এলাকায়। সেখানে মনিরুল (২১) নামের এক তরুণকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীর বোনের সাথে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। তবে ঘটনার পরপরই পালানোর সময় জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এর কিছুক্ষণ পর, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের জামেয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে হোসেন আলী (৫৩) নামে ওই মাদ্রাসার এক স্টাফকে গুলি করে হত্যা করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। ঘটনার সময় তাঁর মাদ্রাসাপড়ুয়া ছেলেও সাথে ছিল। গুলিবিদ্ধ হোসেন আলীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হোসেন আলী সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার বাসিন্দা।
একই দিনে দুটি চাঞ্চল্যকর খুনের ঘটনায় নগরবাসীর মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। পাবনা জেলা পুলিশ জানিয়েছে, দুটি ঘটনাই অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িত অন্যান্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!