ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সৌদি আরবের পাশে দাঁড়িয়েছে চীন। বেইজিং স্পষ্ট জানিয়েছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে।
সম্প্রতি সৌদি আরব তাদের আকাশসীমায় হুথি বিদ্রোহীদের ছোড়া বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করে। এই ঘটনার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের পক্ষে চীনের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে লিন জিয়ান চলমান আঞ্চলিক উত্তেজনার কথা উল্লেখ করে বলেন, ‘চীন কোনোভাবেই বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা সমর্থন করে না এবং এর তীব্র বিরোধিতা করে।’ তিনি আরও বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করা অত্যন্ত জরুরি।
মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে লিন জিয়ান বলেন, বেইজিং যেকোনো বিরোধ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের পক্ষে। এই অঞ্চলে দ্রুত শান্তি ফিরিয়ে আনার পরিবেশ তৈরিতে সব পক্ষকে আলোচনার পথে ফেরার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পাল্টা জবাব হিসেবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা (আনসার আল্লাহ) সৌদি আরবের ওপর অবরোধের মতো পরিস্থিতি তৈরির হুমকি দেয়। এরপরই বেইজিংয়ের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক বক্তব্য এলো।
সূত্র: আল-জাজিরা।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!