দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর সারাদেশে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫১ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৫ জনে।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ঢাকা বিভাগেই ৫ জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৮৬ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ঢাকা বিভাগে ৫২৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২২৬ জন, সিলেটে ১০৪ জন, বরিশালে ৮৩ জন, খুলনায় ৫৯ জন, ময়মনসিংহে ৪২ জন, রংপুরে ৩০ জন এবং রাজশাহী বিভাগে ১৪ জন হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একই সময়ে দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৪৪৮ জনে, যার মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২২ হাজার ৩২৮ জন।