চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারের বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, ডাকাত দল ঘরে প্রবেশ করে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা, দুটি স্মার্টফোন ও কম্পিউটারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে। এ সময় তারা বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং এর মনিটর ও হার্ডডিস্কও খুলে নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মো. মতিন উল্লাহ জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে খুন্তি ও শাবল দিয়ে ঘরের দরজা ভেঙে ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে তাকে ও পরিবারের অন্যান্য সদস্যদের জিম্মি করে এসব মূল্যবান সামগ্রী লুট করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো মামলা না হলেও অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।