দেশে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটে চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন রোগী। এর মাধ্যমে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ অতিক্রম করে দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৪৪২ জনে।

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনকে নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০৮ জনে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা গেছে। চলতি অক্টোবরের প্রথম ১১ দিনেই মারা গেছেন ৬২ জন। এর আগে সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

বুলেটিনে আরও জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ১৬৭ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (৮৭১ জন)। এছাড়া খুলনায় ২৯৮ জন, চট্টগ্রামে ২৮৭ জন, রাজশাহীতে ২৫৩ জন, বরিশালে ২৪৩ জন, ময়মনসিংহে ১০২ জন এবং রংপুর বিভাগে ৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পাশাপাশি সুস্থতার হারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৪২৮ জন। এ নিয়ে চলতি বছর মোট ৯৫ হাজার ৩৩১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।