‘ফ্যামিলি কার্ড কার্যক্রম-স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ক একটি অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইউনূস রহমান রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের সার্বিক লক্ষ্য, উপকারভোগী নির্বাচন ও মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের প্রক্রিয়া বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত পরিবারগুলোকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে নগদ আর্থিক সহায়তা (মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে) অথবা সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হবে। এতে বিশেষ অগ্রাধিকার পাবে সমাজের পিছিয়ে পরা ও অনগ্রসর পরিবারগুলো।
সংবাদ সম্মেলনে স্থানীয় প্রশাসন স্পষ্ট জানিয়ে দেয় যে, ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কোনো নাগরিককে কোনো ধরনের টাকা দিতে হবে না—এ কার্ড সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে। কার্ড দেওয়ার নামে কেউ অর্থ দাবি করলে বা অবৈধ লেনদেনের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে জানানোর জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের নানাবিধ চ্যালেঞ্জ ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।