রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরস্থ ঐতিহ্যবাহী ‘হোয়াইট হল মিলনায়তনে’ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উত্তরা পাবনা সোসাইটি ঢাকা ও এডওয়ার্ডিয়ান বাংলাদেশ-৮৩-এর উদ্যোগে এক সংবর্ধনা সভা ও একক লোকসংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রখ্যাত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ও ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর সুকমল মোদক-কে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাইমুল ইসলাম শোভন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইদ কুতুব এবং ঢাকা মেডিকেল কলেজের রিউমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মো. আবু শাহীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা পাবনা সোসাইটি ঢাকা ও এডওয়ার্ডিয়ান বাংলাদেশ-৮৩-এর সভাপতি মো. মহিউল ইসলাম শামসুল।
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ও ভূমিকম্প বিষয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডক্টর সুকমল মোদক-কে উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনার দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী নিপা আহমেদ সারাহ তাঁর সুমধুর কণ্ঠে একের পর এক হৃদয়ছোঁয়া লোকসংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানে উত্তরা পাবনা সোসাইটি ও এডওয়ার্ডিয়ান বাংলাদেশ-৮৩-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা এ ধরনের চমৎকার ও গুণীজন সংবর্ধনা আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ ও সাধুবাদ জানান।