কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয়ে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ও উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের গঠনতন্ত্র অনুযায়ী কুমিল্লা মহানগর শাখার সংগঠন ও ইমারাত ভেঙে দিয়ে কেন্দ্রের তত্ত্বাবধানে এর কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে ঘটনা তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ অক্টোবরের ঘটনা পর্যালোচনায় রাজধানীর মগবাজারে দলের আমিরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে গঠনতান্ত্রিক ক্ষমতাবলে কুমিল্লা মহানগর কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সাময়িকভাবে কেন্দ্রের সরাসরি তত্ত্বাবধানে কুমিল্লা মহানগরীর সার্বিক সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে এবং এ দায়িত্ব পালন করবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহানকে নিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে আমিরে জামায়াতের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।