রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি শামীম আহসানের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৬ অক্টোবর) তিনি হাসপাতালে গিয়ে গুরুতর আহত শামীম আহসানের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন, পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে হামলা, লুটপাট, চাঁদা আদায় ও মানুষজনকে নাজেহাল করছেন, যার তালিকা তাদের কাছে রয়েছে। তিনি জানান, ঘটনার পরপরই তিনি সরকারদলীয় চিফ হুইপকে ফোন করে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
রাজনীতিতে সহিংসতার অবসান দাবি করে আমিরে জামায়াত বলেন, "আমরা চাই না কেউ ফুলের পাপড়ি দিয়েও কাউকে আঘাত করুক। রাজনীতি হবে রাজনীতির ভাষায়, সন্ত্রাসের ভাষায় নয়।" তিনি সবাইকে সুস্থ ধারার রাজনীতি চর্চা করার আহ্বান জানান এবং যেকোনো রাজনৈতিক অভিযোগ সংসদে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।