ভারতের রাজধানী নয়াদিল্লির কনট প্লেসে অনলাইন আন্দোলন প্ল্যাটফরম ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লেহরা দো তিরঙ্গা’ (জাতীয় পতাকা উত্তোলন) কর্মসূচিকে কেন্দ্র করে আটক সিজেপি নেতা অভিজিৎ দীপকে ‘প্রতিরোধমূলক’ গ্রেপ্তার দেখিয়েছে দিল্লি পুলিশ। তবে একই ঘটনায় আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) প্রেসিডেন্ট নেহা বোরাকে শনিবার ভোরের দিকে মুক্তি দেওয়া হয়েছে।

দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, শান্তিভঙ্গ হতে পারে—এই আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১২৬ ও ১৭০ ধারার অধীনে অভিজিৎ দীপকে গ্রেপ্তার করা হয় এবং তাকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসইএম) আদালতে হাজির করার কথা রয়েছে। অন্যদিকে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারার অধীনে আটক নেহা বোরাকে আইনি প্রক্রিয়া শেষে ছেড়ে দেওয়া হয়।

সিজেপির আইনি বিভাগের প্রধান রত্না সিং অভিযোগ করেন, অভিজিৎকে ‘অজানা’ স্থানে আটকে রাখা হয়েছে এবং আইনজীবীদের তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।

এদিকে মুক্তি পাওয়ার পর নেহা বোরা অভিযোগ করেন, সাধারণ নাগরিকদের মধ্যে ভীতি সঞ্চার করতেই কোনো বৈধ কারণ ছাড়াই প্রতিবাদকারীদের ঘণ্টার পর ঘণ্টা হেফাজতে রাখা হচ্ছে। তিনি অভিজিৎ দীপসহ অন্য সকল আটক বিক্ষোভকারীর অবিলম্বে মুক্তির দাবি জানান।

উল্লেখ্য, শুক্রবার নির্ধারিত কর্মসূচিতে যোগ দেওয়ার পথে সিজেপি ও আইসার এই দুই নেতাকে আটক করা হয়েছিল।