ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘আলোকিত কুরআন: সহজ কুরআন শিক্ষা’ কর্মসূচির আওতায় উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৫১ নম্বর ওয়ার্ড কেন্দ্রে ১৫ জন শিক্ষার্থীর কায়দা সমাপনী ও কুরআন সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ মোস্তফা কামাল এবং সঞ্চালনা করেন ‘আলোকিত কুরআন: সহজ কুরআন শিক্ষা’র নির্বাহী পরিচালক মাওলানা নিজাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্মসূচির ব্যবস্থাপনা পরিচালক রাজিয়া সুলতানা।

বিশেষ অতিথির বক্তব্যে রাজিয়া সুলতানা জানান, এমপি এস এম জাহাঙ্গীর হোসেন তাঁর প্রাপ্ত সরকারি বেতনের পুরো অর্থ শিক্ষকমণ্ডলীর সম্মানীর জন্য প্রদান করেন। নারীদের কুরআনের শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে মাদক ও কিশোর অপরাধমুক্ত সমাজ গঠনে তা কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ঢাকা-১৮ আসনের ৮টি থানা ও ১৪টি ওয়ার্ডের নারী ও শিশুদের মধ্যে বিনামূল্যে সহজ পদ্ধতিতে পবিত্র কুরআন শিক্ষা ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঐতিহ্যবাহী মক্তবভিত্তিক শিক্ষাব্যবস্থার আদলে নতুন প্রজন্মের কাছে কুরআনের শিক্ষা পৌঁছে দেওয়ার এই প্রয়াস অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে কায়দা সম্পন্ন করে কুরআন শিক্ষার পরবর্তী ধাপে উত্তীর্ণ হওয়া ১৫ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন, সনদপত্র এবং উপহার হিসেবে হিজাব ও জায়নামাজ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উত্তরা পশ্চিম থানা, তুরাগ থানা ও স্থানীয় বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, মহিলা নেত্রী, ছাত্রনেতা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এমপি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন।