ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। উপনির্বাচনে বিজয়ের লক্ষ্য নিয়ে শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত দিনভর রায়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাঁড়াশি প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন।

প্রচারণার অংশ হিসেবে শনিবার সকালে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে পৌঁছান। দিনভর ইউনিয়নের অন্তত ৯ থেকে ১০টি গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। এসব পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সমর্থক-সাধারণ মানুষের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা পুরো এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি করে।

পথসভাগুলোতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সালাম ও কুশল বিনিময় করেন মির্জা ফয়সল আমিন। তিনি এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ে আগামী উপনির্বাচনে 'ধানের শীষ' প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

উক্ত নির্বাচনী প্রচারণায় তাঁর সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

উপনির্বাচন ঘনিয়ে আসায় নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে। ধানের শীষের বিজ নিশ্চিত করতে রায়পুর ইউনিয়নসহ ঠাকুরগাঁও-১ আসনের প্রতিটি এলাকায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন নেতা-কর্মীরা।