নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ও কান্দিউড়া ইউনিয়নে পৃথক মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযান পরিচালনা করে তিনজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৭ অক্টোবর) সংশ্লিষ্ট এলাকায় পুলিশ সদস্যদের সহায়তায় এসব অভিযান পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নওপাড়া ইউনিয়নের কুতুবপুর এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। সেখান থেকে ইয়াবা সেবন ও বিক্রির অপরাধে সাজেদা (৪০) ও মো. কিরণ (২৩) নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা পৃথক দুটি মামলায় তাঁদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অপরদিকে, একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. হৃদয় (২৩) নামের এক যুবককে গাঁজা সেবনের উপকরণসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাঁকেও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী এসব অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, “মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ব্যাধি। মাদকের ভয়াবহ ছোবল থেকে সমাজকে রক্ষা করতে জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

একই সাথে তিনি এলাকা থেকে মাদক নির্মূলে স্থানীয় জনসাধারণকে সচেতন হওয়া এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।