হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত দেখা গেল উত্তরার তুরাগ এলাকায়
শনিবার সন্ধ্যায় তিনি তুরাগের দিয়েবাড়ি সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি পূজা মণ্ডপ কর্তৃপক্ষের খোঁজখবর নেন এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাথে কুশল বিনিময় করেন। পরে উৎসব উদযাপনের সার্বিক সহায়তার অংশ হিসেবে দিয়াবাড়ি সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতির হাতে শুভেচ্ছা স্বরূপ নগদ অর্থ তুলে দেন।
পূজা মণ্ডপে উপস্থিত ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে আব্দুল আলী বলেন, "বাংলাদেশ চিরকালই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে নিরাপদভাবে বসবাস করবে—এটাই বিএনপির রাজনীতির মূলাদর্শ। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের স্পষ্ট নির্দেশ রয়েছে যে, সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে।"
ধর্মীয় উৎসবে বিএনপির সজাগ দৃষ্টি ও সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, "তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে আমরা প্রতিটি পূজা মণ্ডপে পাহারা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকব, যাতে কোনো ধরনের অপ্রীতিকর বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। আমরা দিন-রাত আপনাদের পাশে আছি। আপনারা সম্পূর্ণ নিশ্চিন্ত ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করুন।"
এসময় তাঁর সাথে তুরাগ থানা বিএনপি এবং ৫৩ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি ও এই অর্থ সহায়তার জন্য দিয়েবাড়ি পূজা কমিটির নেতৃবৃন্দ তাঁদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এদিকে তুরাগ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং পূজা উদযাপনের বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, তুরাগ থানা এলাকায় মোট ১৩টি পূজা মণ্ডপে অত্যন্ত শান্তিপূর্ণ ও আড়ম্বরপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পুলিশের সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থার কারণে কোনো মণ্ডপেই এ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা বিএনপির এই ইতিবাচক উদ্যোগ এবং প্রশাসনের কঠোর নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেছেন।