ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, শারদীয় দুর্গাপূজা আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। এ উৎসব যেন সবাই নির্বিঘ্নে উদযাপন করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।
সোমবার বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপি কার্যালয়ে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে ব্যক্তিগত অনুদান তুলে দেন মন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়িসহ উপহারসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি জেলা পরিষদ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ করা অর্থের বরাদ্দপত্রও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ তরফদার, বিএনপি নেতা জয়নাল আবেদিন খান বাবলু, হুমায়ুন কবির তালুকদার ও আবদুল লতিফ পান্নাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।