২০২৪ সালের জুলাইয়ের ঘটনাবলি ও ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর নতুন সরকার গঠনের মধ্য দিয়ে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার উন্নতি হয়েছে এবং সহিংসতা উল্লেখযোগ্যভাবে কমেছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন টিম (সিপিআইটি)-এর এক তথ্য-অনুসন্ধানী প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে।

‘রিপোর্ট অব আ ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন বাংলাদেশ: পলিটিক্যাল সিচুয়েশন, অক্টোবর ২০২৬’ শীর্ষক এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। সিপিআইটি প্রতিনিধিদল ২০২৬ সালের ৭ জুন থেকে ১৫ জুন বাংলাদেশে অবস্থান করে সরকারি কর্মকর্তা, পুলিশ, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, মানবাধিকার সংস্থা, সাংবাদিক ও গবেষকদের সাক্ষাৎকার নিয়ে তথ্য সংগ্রহ করে।

প্রতিবেদনের সারসংক্ষেপে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নতি ঘটেছে। বিশেষ করে ২০২৬ সালের জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে নতুন সরকার গঠনের পর পরিস্থিতি আরও সুসংহত হয়েছে। বিভিন্ন সূত্রের ভিত্তিতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, এবারের জাতীয় নির্বাচন ছিল সাধারণভাবে শান্তিপূর্ণ এবং বিগত নির্বাচনগুলোর তুলনায় সহিংসতা ছিল অতি নগণ্য।

প্রতিবেদনে রাজনৈতিক ও মতপ্রকাশের স্বাধীনতার প্রসারের কথা তুলে ধরে বলা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় বর্তমানে রাজনৈতিক দল, সাংবাদিক, নাগরিক সমাজ ও মানবাধিকার সংস্থাগুলো আরও স্বাধীনভাবে কাজ করতে পারছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়ে প্রতিবেদনে জানানো হয়, পুলিশ সফলভাবে আইনশৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হয়েছে। নির্বাচন পরবর্তীকালে যেসব বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটছে, সেগুলো কোনো বড় রাজনৈতিক সংঘাত নয়; বরং স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তার, ব্যবসায়িক স্বার্থ বা সম্পত্তি সংক্রান্ত বিরোধের কারণে সীমাবদ্ধ রয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিগত সরকারের আমলে দায়ের হওয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলাগুলোর পর্যালোচনা করে ইতোমধ্যে ২১ হাজারের বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত অধিকাংশ ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়েছে। বর্তমানে পুরোনো মামলাগুলো পর্যালোচনার কাজ চলমান রয়েছে।

সামগ্রিকভাবে, ২০২৪ সালের আগের পরিস্থিতির তুলনায় বর্তমানে সাধারণ নাগরিকদের মতামত প্রকাশ, রাজনীতিতে অংশগ্রহণ এবং মুক্ত আলোচনায় যুক্ত হওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে বলে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রতিবেদনে মূল্যায়ন করা হয়েছে।