গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি কারখানা থেকে আবারও ৭৩৯ জন শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ।
গতকাল সোমবার রাতে কারখানার প্রধান ফটকে ছাঁটাইয়ের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে শ্রমিকরা প্রতিদিনের মতো কাজে যোগ দিতে এসে নোটিশটি দেখতে পান। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
ছাঁটাই হওয়া প্রতিষ্ঠানগুলো হলো— কেয়া গ্রুপের নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন এবং কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড।
কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ব্যাংকিং জটিলতাসহ নানা সংকটের কারণে গত ৬ জুন থেকে কারখানাগুলোতে লে-অফ (উৎপাদন স্থগিত) ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে একাধিক দফায় এই লে-অফের মেয়াদ বাড়ানো হয়। অবশেষে চার প্রতিষ্ঠানের ৭৩৯ জন কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে শ্রম আইন অনুযায়ী ছাঁটাইকৃত সকল শ্রমিক-কর্মচারীর পাওনা পরিশোধ করা হবে বলে আশ্বাস দিয়েছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার প্রধান ফটক ও আশপাশের এলাকায় অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।