দক্ষিণ কোরিয়ার স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ, যোগ্য ও প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) সিউলে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যাসোসিয়েশন অব কোরিয়া (এনইএসএ) এবং কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন অব কোরিয়ার (সিএকে) প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে প্রতিমন্ত্রী এনইএসএ প্রতিনিধিদের উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়া সরকারের এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় বাংলাদেশি কর্মীদের সুযোগ বৃদ্ধি করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি নিয়মিত কর্মসংস্থানের পাশাপাশি মৌসুমি কর্মসংস্থান, কারিগরি দক্ষতা উন্নয়ন, কোরীয় ভাষা শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মতো নতুন ক্ষেত্রগুলোতে যৌথ সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
শিল্প ও মানবসম্পদ উন্নয়নে দক্ষিণ কোরিয়ার সাফল্যের প্রশংসা করে তিনি পুনর্ব্যক্ত করেন যে কোরীয় শ্রমবাজারের উপযোগী কর্মী গঠনে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। অন্যদিকে, এনইএসএর প্রতিনিধিরা কোরীয় ভাষা শিক্ষা ও পেশাভিত্তিক প্রশিক্ষণে বাংলাদেশি কর্মীদের সম্ভাবনার কথা স্বীকার করেন। বৈঠকে কর্মীরা যেন কোরিয়ার কাজের পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারেন, সে লক্ষ্যে বিদেশে যাওয়ার আগেই ব্যবহারিক ভাষা ও কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।