ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন নয়, বরং সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিতে সরকার ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জোর দিয়ে বলেন, ধর্মীয় স্বাধীনতা ও অধিকার কারও করুণার পাত্র নয়, এটি প্রতিটি নাগরিকের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-১০ সংসদীয় আসনের আটটি পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ সবার এবং এখানে ধর্মের ভিত্তিতে রাজনীতি, বিভাজন কিংবা অনৈক্যের কোনো স্থান থাকা উচিত নয়। এলাকার সন্তান ও স্থানীয় সংসদ সদস্য হিসেবে প্রত্যেকের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাকে তিনি নিজের দায়িত্ব বলে উল্লেখ করেন। সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পূজামণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
এছাড়া ঢাকা-১০ আসনের সামগ্রিক উন্নয়ন সম্পর্কে তিনি জানান, সরকারের দায়িত্ব গ্রহণের আট মাসের মধ্যে এলাকার বিভিন্ন সমস্যা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা চিহ্নিত করে সমাধানের কাজ শুরু হয়েছে এবং আগামীতে এই উন্নয়নের চিত্র আরও স্পষ্ট হয়ে উঠবে।