চট্টগ্রাম নগরের জেএম সেন হলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়া শেষে হেঁটে বের হয়ে সাধারণ জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি হেঁটে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এ সময় তিনি রহমতগঞ্জ হয়ে মোমিন রোডের দিকে যাওয়ার সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতার দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীকে দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে রংপুর ও রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে চট্টগ্রামে পৌঁছান প্রধানমন্ত্রী। জেএম সেন হলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি স্পষ্ট জানান, ধর্মীয় পরিচয় নয়, বরং বাংলাদেশের নাগরিক হিসেবে সবার সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করা হবে। রাজনৈতিক কারণে দীর্ঘ ১৭ বছর বিদেশে থাকতে হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু যা-ই হোক না কেন, দেশের ওপর প্রতিটি নাগরিকের অধিকার সমান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, গণতন্ত্র রক্ষার আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব সংগ্রামে কারও ধর্মীয় পরিচয় দেখা হয়নি। একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি সব ধর্মের মানুষের সহযোগিতা কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এবং সরকারের বিভিন্ন প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই সফর কেন্দ্র করে চট্টগ্রাম শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।