উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব ২০২৬ উদযাপন করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি, উত্তরা পশ্চিম থানা শাখা। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি (উত্তরা পশ্চিম থানা শাখা)-এর প্রধান উপদেষ্টা ফ্রি দিলীপ কাজড়ি। আয়োজনের সূচনা ঘটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে, যা প্রজ্জ্বলন করেন সংগঠনের বিশেষ উপদেষ্টা শ্রীমতি মৌসুমী চট্টোপাধ্যায়।
উত্তরা পশ্চিম থানা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী সুজয় কুমার সাহা-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী কমল কান্তি সরকার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বিশেষ উপদেষ্টা পরিমল কুমার সোম।
আলোচনা সভায় বক্তারা দুর্গোৎসবের মূল বার্তা—শান্তি, সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্য সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, আবহমান কাল থেকেই বাংলাদেশে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে উৎসব পালন করে আসছে। এই আয়োজন সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি পুরো এলাকার মানুষের মাঝে আনন্দ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।
পূজা মণ্ডপে আগত ভক্তদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আয়োজকদের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সকল মানুষের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।