রাজধানীতে চাঁদাবাজি করে বিদেশে পলাতক মিরপুরের ‘ফোর স্টার গ্রুপের’ শীর্ষ সন্ত্রাসীদের কাছে টাকা পাঠানো এবং দেশে তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় সহযোগিতার অভিযোগে তিন সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. মেহেদী হাসান ওরফে জয় (৩৯), সানজিম হাসান (২৭) ও মো. অমিত হাসান (২৮)। পুলিশ জানিয়েছে, তারা মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুন, মশিউর রহমান এবং জামিলুর রহমান ওরফে জামিলের আপন ভাগ্নে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মেহেদী হাসান ওরফে জয় ফোর স্টার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুনের পক্ষে চাঁদাবাজি, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট ও ফ্ল্যাট দখল, ফুটপাত নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং পরিচালনার আর্থিক লেনদেন দেখভাল করতেন। জয়ের মাধ্যমে আদায় করা চাঁদার টাকা অবৈধ উপায়ে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী মামুনের কাছে পাঠানো হতো। অন্যদিকে, তাঁর ভাই সানজিম হাসানের বিরুদ্ধে কিশোর গ্যাং পরিচালনা ও স্থানীয় এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।
মিরপুর বিভাগের ডিসি হাসান মোহাম্মদ নাছের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে আসামিদের নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তিন ভাইয়ের বিরুদ্ধে মিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া চালু রয়েছে।