সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদ ও মদিনা অঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের পাঠানো চারটি ড্রোন আকাশেই ভূপাতিত করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) ড্রোনগুলো সফলভাবে আটক ও ধ্বংস করা হয় বলে নিশ্চিত করেছেন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।

উল্লেখ্য, গত জুলাই মাসে ইরান থেকে হুথি নেতাদের বহনকারী একটি বিমানকে ইয়েমেনের সানা বিমানবন্দরে অবতরণে বাধা দেয় সৌদি জোট। এর পর থেকেই দুই পক্ষের মধ্যে সংঘাত নতুন করে তীব্র রূপ নেয়। প্রতিক্রিয়ায় হুথিরা সৌদির বিভিন্ন বিমানবন্দর ও তেল শোধনাগারে হামলা শুরু করে। পাল্টা ব্যবস্থা হিসেবে হুথিদের সানা থেকে হটাতে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে অভিযান জোরদার করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সংঘর্ষের ধারাবাহিকতায় সম্প্রতি সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা চালায় হুথিরা, যাতে দুই জন নিহত হন। এছাড়া সৌদি আকাশসীমায় বিধিনিষেধ জারি করার পাশাপাশি মক্কা ও মদিনা বাদে পুরো সৌদিতে বিমান চলাচলে হুমকির বার্তাও দিয়েছে গোষ্ঠীটি। তবে মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলার যে অভিযোগ সৌদি সরকার তুলেছে, সেটিকে ‘ঘৃণ্য মিথ্যাচার’ বলে শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে হুথিরা।