কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন ঘোষণা দিয়ে নওগাঁর মান্দা উপজেলায় মাইকিং করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে এবং মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার কাশোপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জলিল (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার কথা প্রচার করা হয়। পরবর্তীতে এই মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।