রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, পর্যটনকেন্দ্র উন্মুক্ত করা ও ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন মালিক-শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে পরিবহন ধর্মঘটসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ি গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শাপলা চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়। মিছিলে অংশগ্রহণকারীরা 'ভাত দে, কাপড় দে, নইলে সাজেক খুইলা দে'সহ নানা স্লোগান দেন। পার্বত্য যানবাহন মালিক সমিতির সভাপতি আইয়ুশ চাকমা, জিপ মালিক সমিতি ও ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের নেতাসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাজেকে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ ও জেএসএসের আধিপত্য বিস্তারের বিরোধ এবং চাঁদাবাজির কারণে সৃষ্ট নিরাপত্তাহীনতার সমাধান না করে প্রশাসন সাজেক ভ্রমণ বন্ধ করে দিয়েছে। এর ফলে সাজেক ও খাগড়াছড়ির হোটেল, কটেজ, রেস্তোরাঁ ও পরিবহন খাতের সঙ্গে জড়িত হাজার হাজার মানুষ চরম আর্থিক সংকটে পড়েছেন। বক্তারা অনতিবিলম্বে সাজেক খুলে দেওয়া, এলাকায় সেনাক্যাম্প পুনর্স্থাপন, সন্ত্রাসীদের চাঁদাবাজি বন্ধ এবং নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত ব্যবসায়ীদের ঋণের কিস্তি আদায় স্থগিত রাখার দাবি জানান।
উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গত ২১ অক্টোবর এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে রাঙামাটি জেলা প্রশাসন সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। অন্যদিকে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে গত ২২ অক্টোবর থেকে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করছে।