রাজধানীর যানজট নিরসনে নেওয়া বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে স্বচ্ছ মূল্যায়ন, বাতিলের সিদ্ধান্তের কারণ স্পষ্ট করা এবং অনিয়ম-দুর্নীতির তদন্তের জোরালো দাবি জানিয়েছেন গাজীপুরের সংসদ সদস্য ও বিশিষ্টজনেরা। একই সাথে দীর্ঘ ১৪ বছরের দুর্ভোগ শেষে কার্যকর গণপরিবহন নিশ্চিত করতে বিআরটি চালুর সম্ভাবনা যাচাই অথবা বিকল্প হিসেবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেল গাজীপুর পর্যন্ত সম্প্রসারণের আহ্বান জানানো হয়েছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরাম আয়োজিত ‘দৃশ্যমান সমস্যা, অবারিত সম্ভাবনার গাজীপুর’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব দাবি ও প্রস্তাব উঠে আসে।
বৈঠকে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন জনবহুল এলাকার বাস্তবতা বিবেচনা করে গাজীপুরের জন্য মহাপরিকল্পনা প্রণয়নের ওপর জোর দেন। গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান সড়কের মাঝখানে একাধিক বিভাজকের কারণে রাস্তা সংকুচিত হওয়ার সমস্যা তুলে ধরে পর্যালোচনার দাবি জানান। এছাড়া গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আইয়ুবী বিআরটি-র বিকল্প স্পষ্টকরণ ও বাসভাড়া কমানোর কথা বলেন এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু আগামী ১০০ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পরিবেশ রক্ষার তাগিদ দেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশিতা দেশের সার্বিক উন্নয়নে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান।
গোলটেবিল বৈঠকে যানজটের পাশাপাশি অপরিকল্পিত শিল্পবর্জ্য, শিল্পদূষণ, জলাবদ্ধতা, মাদক, কিশোর গ্যাং ও বনভূমি দখলের মতো নানা সংকটের কথা তুলে ধরা হয়। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতার কথা নিশ্চিত করেন। ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের সভাপতি ফয়সাল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বৈঠকে গাজীপুরের সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ ও পরিকল্পিত নগরায়ণের দাবি জানানো হয়।