বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত উন্নতির ছোঁয়ায় একসময় বাংলাদেশেও রোবটের মাধ্যমে রাস্তাঘাটের ময়লা-আবর্জনা পরিষ্কার করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার চট্টগ্রাম মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত ‘বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা’র বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। মেয়র বলেন, রোবটিক সার্জারির মতো অগ্রগতির ধারাবাহিকতায় রোবট দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর দিন খুব বেশি দূরে নয়। পাশাপাশি তিনি প্রযুক্তিতে সঠিক তথ্যের ব্যবহার নিশ্চিত করা এবং তরুণ প্রজন্মকে ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন পরিবেশ রক্ষার বিষয়ে কড়া বার্তা দেন। তিনি স্পষ্ট জানান যে, চট্টগ্রাম নগরীতে আর কোনো পাহাড় কাটা, খালের জায়গা দখল কিংবা নকশা পরিবর্তন করে রাস্তা দখল বরদাস্ত করা হবে না। একই সাথে তিনি নাগরিকদের আইন মানার সংস্কৃতি গড়ে তোলারও আহ্বান জানান। সমকালের চট্টগ্রাম রিজিওনাল এডিটর সারোয়ার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও সমকালের জ্যেষ্ঠ প্রতিনিধিরা।
বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চূড়ান্ত লড়াইয়ে ফেনীর সোনাগাজী মো. ছাবের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় চমৎকার পারফরম্যান্স করে সেরা বিতার্কিক নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের শিক্ষার্থী আফসানা হালিম তিশা।