শক্তিশালী মৌসুমি ঝড় 'বোয়েল'-এর আঘাতে যুক্তরাজ্যে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে। ঝড়ের তাণ্ডবে দেশটিতে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং রবিবার সন্ধ্যা নাগাদ প্রায় ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

নিহতদের মধ্যে একজন ৬০ বছর বয়সী স্কটল্যান্ডের বাসিন্দা, যার ওপর গাছ উপড়ে পড়ে মৃত্যু হয়। অন্যজন উত্তর লন্ডনের ২০ বছর বয়সী এক যুবক, যার গাড়ির ওপর গাছ ভেঙে পড়লে তিনি মারা যান। এছাড়া একই ধরনের দুর্ঘটনায় আহত দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডের কিছু অংশ এবং উত্তর ইংল্যান্ডে। সপ্তাহজুড়ে চলা এই ঝড়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩৫ কিলোমিটার পর্যন্ত উঠেছিল।

এনার্জি নেটওয়ার্কস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ঝড়ের কারণে রবিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত দেশজুড়ে প্রায় ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। স্কটল্যান্ডের কিছু অঞ্চলে শনি ও রোববারের বৃষ্টিপাত ওই এলাকার গড় বাৎসরিক বৃষ্টির এক-তৃতীয়াংশের সমান ছিল। যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর (মেট অফিস) জানিয়েছে, সপ্তাহের শুরুতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মঙ্গলবারের আরেকটি আবহাওয়া ব্যবস্থার প্রভাবে আবারও ভারী বৃষ্টি ও প্রবল বাতাস বইতে পারে। উত্তর ইংল্যান্ড, স্কটল্যান্ড ও উত্তর-পূর্ব আয়ারল্যান্ডের কিছু অংশে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত 'হলুদ সতর্কবার্তা' জারি রয়েছে।

ঝড় ও ভারী বর্ষণের ফলে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন এলাকায় বন্যা সতর্কতা ও অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি স্কটল্যান্ডের রেল নেটওয়ার্কসহ সামগ্রিক পরিবহন ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। লিডস ব্র্যাডফোর্ড বিমানবন্দরে ফ্লাইট বাতিল বা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং গাছ ও বৈদ্যুতিক তার পড়ে যাওয়ায় অনেক প্রধান সড়ক বন্ধ রয়েছে।