জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের পটুয়াখালীর কলাপাড়া প্রতিনিধি এসএম আলমাসের বাবা হাফেজ শিকদারের (৭০) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জীবদ্দশায় বিনা পারিশ্রমিকে ৩৯৬টি কবর খনন করা এই পরোপকারী মানুষটি নিজের কবর ও কাফনের কাপড় আগেই প্রস্তুত রেখে গিয়েছিলেন।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে কলাপাড়ার কুয়াকাটা খানকা সাহালিয়া কমপ্লেক্স মাঠে জানাজা শেষে কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির সামনে তাকে দাফন করা হয়। হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই জানাজায় স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পারিবারিক সূত্রে জানা যায়, হাফেজ শিকদার দীর্ঘদিন ধরে কিডনিজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
এলাকায় কারও মৃত্যুর খবর পেলেই তিনি নিঃস্বার্থভাবে কবর খনন করতে ছুটে যেতেন। তার ইচ্ছা ছিল চারশত কবর পূর্ণ করার, কিন্তু তার আগেই তিনি চলে যান। তার এই অসামান্য মানবিক ও সমাজসেবামূলক কাজের জন্য এলাকাবাসীর হৃদয়ে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং ঢাকা পোস্ট পরিবারও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।