ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে জাল ভোট দিতে এসে তিন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদরের দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রের আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল ও সিয়াম এবং আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাজ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম জানান, “ভোটগ্রহণ চলাকালে আমরা তিন ভুয়া ভোটারকে হাতেনাতে শনাক্ত করি। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। বর্তমানে তাদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের মোট ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন।
উল্লেখ্য, গত ২০ আগস্ট সাবেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। শূন্য হওয়া এই আসনেই আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।